মধুখালীতে সড়ক ও জনপথের জমি উচ্ছেদ অভিযানে দখলমুক্ত
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলা সদর বাজারে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখলমুক্ত করতে চালানো হয়েছে এক বিশাল উচ্ছেদ অভিযান। বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে উচ্ছেদ করা হয়েছে বহু অবৈধ স্থাপনা, যার ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে।
ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, মধুখালী উপজেলার সদর বাজার এলাকায় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এই অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
অভিযান চলাকালীন ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সার্ভেয়ার মো. মুন্না হাওলাদারসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশ দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে তোলায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিলো সেখানে।
অভিযান চলাকালীন এলাকা পরিদর্শন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং মধুখালী থানার পুলিশ পরিদর্শক সুকদেব রায়। এ সময় তারা উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন এবং সরকারি জমি অবৈধভাবে দখল না করার জন্য হুঁশিয়ারি দেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই উচ্ছেদ অভিযানের ফলে এখন বাজার এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি যানবাহন চলাচল আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ হবে। মহাসড়কের দুই পাশ যাতে ভবিষ্যতে আবারও কেউ দখল করতে না পারে, সেজন্য স্থানীয় প্রশাসন ও সওজ কর্তৃপক্ষকে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
১১২ বার পড়া হয়েছে