নরসিংদীতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ ৪ জন আটক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের সময় এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গত সোমবার রাতে উপজেলার মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল রয়েছেন, যিনি বেলাবো থানায় কর্মরত। অন্য তিনজন হলেন— মাটিয়ালপাড়া এলাকার উজ্জ্বল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের রকি (২৮) এবং একই এলাকার মো. বাদল (৩৭)।।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক সেবনের জন্য কয়েকজন জড়ো হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বেলাবো থানার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ মিলেছিল। গত ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ জীবন মিয়া নামের এক কনস্টেবলকে আটক করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একের পর এক এমন ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে