ফতুল্লায় পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৪
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে জসিম (২৪) নামের এক যুবক আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে ফতুল্লা থানার তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন অস্ত্রধারী পুলিশের দলকে লক্ষ্য করে একটি পিস্তল দিয়ে গুলি ছোড়ে। তবে ওই গুলি কোনো পুলিশ সদস্যের শরীরে লাগেনি।
পুলিশ জানায়, আত্মরক্ষার্থে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাঁদের সরকারি পিস্তল দিয়ে মোট আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিমের উরুতে গুলি লাগে। গোলাগুলির সময় তিন পুলিশ সদস্যও আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. রফিক, পিপিএম, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। আহত জসিম ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জসিম ও মোহন (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করে। মোহন একই এলাকার আব্দুস সালামের ছেলে। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্য ও জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১২৩ বার পড়া হয়েছে