সাতক্ষীরার তালায় ডাক্তার দেখানোর প্রলোভনে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালায় ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। খুলনার কয়রা থেকে আসা ওই ভুক্তভোগী নারীকে অচেতন করে এই পাশবিক নির্যাতন চালানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে তালা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে এক আত্মীয়ের মাধ্যমে রহিমাবাদ এলাকার এক যুবকের পরিচয় হয়েছিল। সেই সুবাদে ভালো ডাক্তার দেখিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারী খুলনা থেকে তালায় ডেকে আনা হয়।
অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী নারী তালায় পৌঁছালে অভিযুক্তরা জানান যে রাতে ডাক্তার দেখানো সম্ভব নয়, পরের দিন সকালে দেখানো হবে। এ সময় তাদের ভাড়া বাসায় মা ও বোন রয়েছে বলে মিথ্যা আশ্বাস দিয়ে ওই নারীকে সেখানে রাত যাপনের প্রস্তাব দেওয়া হয়। সরল বিশ্বাসে তিনি এই প্রস্তাবে রাজি হন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, রাতে বাসায় অবস্থানকালে তাকে নাস্তার সাথে কৌশলে কোনো চেতনানাশক বা নেশাজাতীয় ওষুধ খাইয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি অচেতন ও অসুস্থ হয়ে পড়লে দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্তরা রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকত। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
১০৫ বার পড়া হয়েছে