শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মহাসড়কে একটি গাড়িকে ওভারটেক করার সময় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
১৩২ বার পড়া হয়েছে