গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাবেদ আলী বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত ইসমাইল শেখের ছেলে। ঘটনার রাতে তিনি টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন।
प्रत्यক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়কে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি পিচঢালা সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী সড়ক দুর্ঘটনার এই সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেনি। তিনি কী উদ্দেশ্যে চিতলমারী থেকে টুঙ্গিপাড়ায় এসেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১১০ বার পড়া হয়েছে