সর্বশেষ

সারাদেশ

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন, কিশোরগঞ্জ সফর ১৬ আগস্ট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য নতুন ঘর হস্তান্তর করার কথা রয়েছে তাঁর। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে গিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনের পাশাপাশি ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা এবং শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মাতারবাড়িতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী (বামে) প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর বিষয়ে প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় সভা (ডানে)

রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছায়। হেলিপ্যাডে তাঁকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধানমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টার থেকে নামেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে যান। সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়ির উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মাতারবাড়িতে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর তিনি বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন।

দুপুর সাড়ে ১২টার দিকে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।

এরপর বেলা ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বেলা সোয়া ৩টার দিকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে তাঁর।

বেলা ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতির পর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর কর্মসূচি
আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফর করবেন বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, সফরকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্কুল মাঠে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখা দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে।

এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সফরে দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও উদ্বোধনের কথা রয়েছে।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মৎস্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কারেন্ট জাল, চায়না দুয়ারি জালসহ মাছ ধরায় ব্যবহৃত নিষিদ্ধ জালের উৎপাদন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।


(কক্সবাজার ও কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন)

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন