সিলেটে বাড়ছে সড়ক দুর্ঘটনা: জুলাইয়ে ঝরল ৩১ প্রাণ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে জুলাই মাসের এক ভয়াবহ চিত্র। বিদায়ী জুলাই মাসে বিভাগের চার জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যা পূর্ববর্তী মাসের চেয়েও বেশি।
নিসচার প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে সিলেট বিভাগে মোট ২৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। নিহতদের মধ্যে সর্বোচ্চ ১৩ জনই ছিলেন মোটরসাইকেলের চালক ও আরোহী।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। এ জেলায় ১৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত এবং হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন।
সড়কে দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছে নিসচা। এর মধ্যে রয়েছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিয়মবহির্ভূত ওভারটেকিং, মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করার প্রবণতা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের কাঠামোগত ত্রুটি।
দুর্ঘটনার ধরণ বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ৮ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন।
সিলেট বিভাগীয় নিসচার সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় ও জাতীয় গণমাধ্যম এবং নিসচার মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছিলেন।
১২৪ বার পড়া হয়েছে