ইয়াবাসহ গ্রেপ্তারের পরদিনই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে ৮০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তারের একদিনের মাথায় মেলান্দহ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সোলায়মান ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষর রয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, সংগঠন কোনো ধরনের অপরাধ, মাদক বা অসামাজিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। অভিযোগের সত্যতা পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কারও বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে সোলায়মান ইসলাম ও তার এক সহযোগীকে আটক করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
১২১ বার পড়া হয়েছে