সাংবাদিকদের এড়িয়ে চলছেন কুড়িগ্রামের ডিসি, ফোন করলেই আসে 'টেক্সট মি' বার্তা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের এড়িয়ে চলা এবং পেশাগত প্রয়োজনে তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে 'প্লিজ টেক্সট মি' লিখে খুদেবার্তা পাঠান বলে দাবি গণমাধ্যমকর্মীদের। এর ফলে কুড়িগ্রামে সরকারি তথ্য প্রাপ্তি ও সংবাদ পরিবেশনে চরম বিড়ম্বনায় পড়েছেন সাংবাদিকরা।
সম্প্রতি কুড়িগ্রামের একটি জনগুরুত্বপূর্ণ বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ দীর্ঘ পাঁচ বছর ধরে আটকে থাকার বিষয়ে বক্তব্য নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান সময় টেলিভিশনের প্রতিনিধি বাদশাহ সৈকত। অভিযোগ উঠেছে, প্রায় দুই ঘণ্টা বসিয়ে রেখেও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি। উল্টো তিনি সাফ জানিয়ে দেন যে, তাঁর প্রশাসনের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলবেন না।
এ ঘটনার পর কুড়িগ্রামের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা জানান, বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার কোনো মিডিয়া কর্মীর সাথে ক্যামেরার সামনে সরাসরি কথা বলেননি। এমনকি তাঁর অনুমতি ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা প্রশাসনের অন্য কোনো কর্মকর্তাও তথ্য দিতে রাজি হন না, যা তথ্য অধিকার আইনের পরিপন্থী বলে মনে করছেন অনেকে।
ডিবিসি নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন এবং দেশ টিভির জুয়েল রানা অভিযোগ করে বলেন, জেলার সংকট বা উন্নয়ন সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা প্রশাসকের মন্তব্য জানতে চাইলে তিনি বেশিরভাগ সময় ফোন ধরেন না। পরিবর্তে একটি নির্দিষ্ট খুদেবার্তা পাঠিয়ে দায়িত্ব এড়িয়ে যান।
প্রবীণ ও তরুণ সাংবাদিকদের মতে, জেলা প্রশাসক হলেন জনগণের সেবক এবং গণমাধ্যম হলো জনগণের মুখপাত্র। সাংবাদিকদের এড়িয়ে চলা মানে প্রকারান্তরে জনগণের কাছে দায়বদ্ধতা এড়ানো। কুড়িগ্রামের সাংবাদিক সমাজ অবিলম্বে এই অচলাবস্থা নিরসন এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এই সব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
১৩৬ বার পড়া হয়েছে