সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নারী ও শিশুসহ আহত একাধিক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার বেসরকারি ব্লিস হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে হঠাৎই ব্লিস হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গতকালের এই অগ্নিকাণ্ডের ফলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাসপাতালে আটকে পড়া রোগী ও তাদের স্বজনদের সরিয়ে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও ট্রাফিক বিভাগের পাশাপাশি বিজিবি সদস্যরাও সক্রিয় ভূমিকা পালন করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরো হাসপাতাল ভবনটি ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। উদ্ধার হওয়া আহত রোগীদের তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এবং ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা উদ্ধার কাজের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাধীন রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
১২৮ বার পড়া হয়েছে