কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূ ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এনামুল হক কারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সুধী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের পূর্ব আঠারোপাইকা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত এনামুল হক কারী প্রতিবেশী এক সনাতন ধর্মাবলম্বী গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত এনামুল এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, থানায় মামলা বা আইনি পদক্ষেপ নিলে গৃহবধূকে অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মানববন্ধনে জানান তারা।
মঙ্গলবার দুপুরে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগীর স্বামীসহ স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তবে এই বিষয়ে অভিযুক্ত এনামুল হক কারীর কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।
১২৪ বার পড়া হয়েছে