ভৈরবে নৌকা চুরির প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে নৌকা চুরির প্রতিবাদ করায় সাজ্জাদ (২১) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে শহরের লক্ষ্মীপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত স্থানীয় ডাকাত সর্দার হিসেবে পরিচিত আনার নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাজ্জাদ ভৈরবের লক্ষ্মীপুর এলাকার আরমান মিয়ার ছেলে। প্রায় দুই সপ্তাহ আগে সাজ্জাদের মামা স্বপন মিয়ার একটি স্টিলের নৌকা চুরি যায়। সাজ্জাদ জানতে পারেন যে, এই চুরির ঘটনার পেছনে স্থানীয় কুখ্যাত ডাকাত সর্দার আনার জড়িত রয়েছে।
সোমবার রাতে লক্ষ্মীপুর রাস্তার মোড়ে আনারকে দেখতে পেয়ে সাজ্জাদ ও তার সঙ্গীরা তাকে আটকে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তাদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনার তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে সাজ্জাদের গলায় উপুর্যপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় সাজ্জাদ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা চুরি ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আনারকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৩ বার পড়া হয়েছে