মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শনিবার দুপুরে ব্যাগ দুটি উদ্ধারের পর পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।
রাজধানীর মেট্রোরেলের দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে সন্দেহজনক ব্যাগ পাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পৃথকভাবে ব্যাগ দুটি দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পুলিশ জানিয়েছে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া যায়।
ব্যাগ উদ্ধারের পর স্টেশন দুটির নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়। মেট্রোরেলও ওই দুই স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রেখে চলাচল করছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
তিনি বলেন, সন্দেহজনক ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু রয়েছে কি না, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।
১২৪ বার পড়া হয়েছে