প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। তিন দিনের ঢাকা সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, চলমান বিভিন্ন ইস্যু এবং সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। বাংলাদেশে এটি তাঁর প্রথম সফর।
সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার সিদ্ধান্ত জানায়। নতুন মূল্যায়নে বাংলাদেশের সামগ্রিক ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে আনা হয়েছে।
পরবর্তীতে বৈঠক শেষে সার্জিও গর টেক্সট বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এ সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন। এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশকে আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে সার্জিও গরের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ এবং ক্যাম্প-৪-এর বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নিরাপদ, স্বেচ্ছাসেবী ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবর্তনের দাবি জানান।
১১৪ বার পড়া হয়েছে