রাজশাহীর পবায় শিশু যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেট পড়ানোর নামে শিশুটির শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, পাকারমাথা এলাকা থেকে শুক্রবার বিকেলে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর রোকন হিসেবে সক্রিয় ছিলেন এবং এলাকায় গ্রাম্য চিকিৎসা দিতেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওমর ফারুক তার বাড়ির পাশে একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতেই এলাকার শিশুদের প্রাইভেট পড়াতেন। গত ২২ দিন আগে ভুক্তভোগী শিশুটি যথারীতি পড়তে গেলে, ওমর ফারুক কৌশলে অন্য শিক্ষার্থীদের আগেভাগেই ছুটি দিয়ে দেন। এরপর ঘরে একা পেয়ে শিশুটিকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। বাড়ি ফিরে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে।
তবে এই গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওমর ফারুক ও তার পরিবার। ওমর ফারুকের দাবি, শিশুটি মূলত তার স্ত্রীর কাছে পড়ত। ঘটনার দিন তার স্ত্রী অনুপস্থিত থাকায় তিনি পড়াতে বসেছিলেন, তবে কোনো ধরনের অনৈতিক আচরণ করেননি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানান, ওমর ফারুক তাদের দলীয় ৪ নম্বর ওয়ার্ডের রোকন। ঘটনাটি তিনি শুনেছেন এবং পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
১০৮ বার পড়া হয়েছে