গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙল সারজিসের গাড়ির কাঁচ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। হামলায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে তাঁরা জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশ নেন।
এর আগে হবিগঞ্জে কর্মসূচিতে বাধার অভিযোগ ওঠায় সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে বাড়তি সতর্কতা ছিল। সভা শেষে বেলা পৌনে তিনটার দিকে নেতাদের বহনকারী গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি।
এনসিপির অভিযোগ, হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে গাড়িবহর লক্ষ্য করে পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। একই সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও সেখান থেকে সরে যান।
হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১২৭ বার পড়া হয়েছে