কুড়িগ্রামে ৯ উপজেলায় অভিযান: বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংস
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯টি উপজেলায় একযোগে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। দিনভর পরিচালিত বিশেষ এই অভিযানে জেলাজুড়ে মোট ১৭৪টি রিং বা চায়না দুয়ারি জাল এবং ৫২ পিস নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা সম্ভব হয়। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উদ্ধারকৃত ক্ষতিকারক জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত করা হয়েছে।
অবৈধ উপায়ে মাছ শিকার এবং মৎস্য সুরক্ষা আইন অমান্য করার দায়ে এই অভিযানে জড়িত বেশ কয়েকজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরনের কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও বলবৎ থাকবে।
দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, চায়না দুয়ারি ও কারেন্ট জালের মতো মারাত্মক ক্ষতিকারক উপকরণ আমাদের নদ-নদীর রেণু এবং প্রজননক্ষম দেশীয় মাছ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মৎস্য সম্পদ টিকিয়ে রাখা একটি জাতীয় দায়িত্ব এবং এই অবৈধ জালের কেনাবেচা বা ব্যবহারের ওপর জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পৃথক মোবাইল কোর্ট দল স্থানীয় পুলিশের সহায়তায় এই অভিযান সফলভাবে পরিচালনা করে। মাছের প্রজনন নিশ্চিতে এই তদারকি নিয়মিত চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে