সুন্দরবনের বাঘ রক্ষা আমাদের বড় চ্যালেঞ্জ: মোংলায় বিশ্ব বাঘ দিবসে বক্তারা
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের প্রধান প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক আলোচনা সভায় পরিবেশকর্মী ও সুধীজনেরা জলবায়ু পরিবর্তন রোধ ও চোরা শিকার বন্ধের মাধ্যমে বাঘের নিরাপদ আবাসস্থল গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন।
বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজারে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সভায় বক্তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে জানান, গত এক শতাব্দীতে সারা বিশ্বে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। ১৯৩০-এর দশকে তৎকালীন পূর্ব বাংলার ১৭টি জেলার মধ্যে ১১টিতেই বাঘের উপস্থিতি ছিল। তবে বর্তমানে মাত্র ৮টি দেশে ৪ হাজারের কাছাকাছি বাঘ টিকে রয়েছে। সুন্দরবনেও বাঘের সংখ্যা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ‘ধরা’র কেন্দ্রীয় নেতা ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, দেশি ও আন্তর্জাতিক বাঘ চোরাচালান চক্র সুন্দরবনে সক্রিয় রয়েছে। তারা বাঘ হত্যা করে দেহের বিভিন্ন অংশ বিদেশে পাচার করছে। এই কুচক্রী মহলকে কঠোর হস্তে দমন করতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, বিষ প্রয়োগে মাছ শিকার, অপরিকল্পিত দূষণ এবং চোরাশিকারিদের তৎপরতা বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বাঘ আমাদের বীরত্ব ও ঐতিহ্যের প্রতীক। তাই বাঘ রক্ষায় ‘টাইগার অ্যাকশন প্ল্যান’ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়া বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক শেখ রুস্তুম আলী ও পরিবেশকর্মী মেহেদী হাসান রাজনৈতিক ছত্রছায়ায় বন ধ্বংসের প্রবণতা বন্ধ করার প্রতি জোর দাবি জানান।
এর আগে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি চাঁদপাই ও মিঠাখালী বাজার এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া স্থানীয় জনমনে সচেতনতা বৃদ্ধি করতে বিকেলে মিঠাখালী মাঠে বাঘ মহড়া এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
১৪৮ বার পড়া হয়েছে