এআই দিয়ে প্রতিমন্ত্রী ফরহাদের নামে অপপ্রচার, পঞ্চগড়ে তীব্র প্রতিবাদ
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।
পঞ্চগড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জেলা বিএনপির সদস্য সচিব ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
মঙ্গলবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে জেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নেতারা বলেন, ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সম্প্রতি জ্বালানি ও তেল সংকটসহ বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের নোংরা পথ বেছে নিয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, শিবিরের নির্দিষ্ট কিছু মিডিয়া সেল থেকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা এসব বিকৃত ছবি ও পোস্ট ছড়ানো হচ্ছে। ৩০০ আসনের সংসদ সদস্যদের মধ্যে ফরহাদ হোসেন আজাদ দুর্নীতির বিরুদ্ধে অন্যতম জোরালো কণ্ঠস্বর হওয়ায় ষড়যন্ত্রকারীরা তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক এবং পঞ্চগড় পৌর বিএনপির সদস্য আব্দুল বারী। এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ স্থানীয় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে এআই দিয়ে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহর এবং দেবীগঞ্জের বিজয় চত্বরে পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
১১৯ বার পড়া হয়েছে