কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়ি পেটার ঘটনায় গ্রেপ্তার ২
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কুয়াকাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পূর্বে করা কিছু সাহসী প্রতিবেদনের জেরে তাঁর ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাতে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের হোটেল সৈকত এলাকায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর মাথা ও দুই পায়ে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত সাংবাদিককে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের দাবি, গত ২৪ ফেব্রুয়ারি কুয়াকাটার একটি হোটেলে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বায়েজিদ শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন বাচ্চু। এছাড়া সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কাটা ও স্থানীয় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির খবর তুলে ধরায় দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই ক্ষোভ থেকেই এই পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে।
এই হামলায় দায়েরকৃত মামলায় কুয়াকাটা পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বায়েজিদ শিকদার রানা, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহীদ শিকদারসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। বিএনপির স্থানীয় নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মামলার প্রধান আসামিদের সন্ধানে কুয়াকাটা এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে