সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: যুবদল ও শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ২
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চুর ওপর বর্বর হাতুড়ি হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার রাতে কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশের জেরে সংঘটিত এই নৃশংস হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সহসাধারণ সম্পাদক শহিদ সিকদার ওরফে পচা শহিদ এবং ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি নাসির হাওলাদার। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে কুয়াকাটা ও আশপাশের এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত ২৪ জুলাই রাতে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের হোটেল সৈকত সংলগ্ন এলাকায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথা ও দুই পা গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহত সাংবাদিকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কুয়াকাটায় এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবদল কর্মী বায়েজিদ শিকদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন কে এম বাচ্চু। এছাড়া সরকারি জমি থেকে গাছ কেটে বিক্রির অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় তার ওপর ক্ষুব্ধ ছিল স্থানীয় একটি মহল। এসব সংবাদ প্রকাশের জেরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের কারণেই তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার জানান, সন্ত্রাসীদের দলে কোনো স্থান নেই। এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার সাংবাদিকদের জানান, সাংবাদিকের ওপর হামলার মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৪৯ বার পড়া হয়েছে