জামায়াতকে নিজেদের গঠনতন্ত্র ভালো করে পড়ার পরামর্শ মির্জা ফখরুলের
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে বিআরডিবির নবনির্মিত বিভাগীয় পল্লী ভবন উদ্বোধনকালে জামায়াত ইসলামীর কঠোর সমালোচনা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত আমীরকে নিজেদের দলের গঠনতন্ত্র পড়ার পরামর্শ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, তাদের দল আদৌ গণতান্ত্রিক কি না। সিলেটে বিএনপিকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করার জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার বেলা ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির নবনির্মিত পল্লী ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, বিএনপিকে ফ্যাসিবাদ বলে আসলে জামায়াত নেতারা নিজেদের জ্ঞানের অভাব ও সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, যা জনগণের ভালোবাসা নিয়ে পাঁচবার দেশ পরিচালনা করেছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তৎকালীন রাষ্ট্রপতি পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে এবং বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলগতভাবে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।
চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকারের সাড়ে চার মাসের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ টাকা পর্যন্ত সকল কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষিখাতকে লাভজনক করতে প্রক্রিয়াজাতকরণ ও নতুন শিল্প কারখানা গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরে এসে পৌঁছালে মির্জা ফখরুলকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় টাউন হলে আয়োজিত পল্লী মেলার স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে