ফরিদপুরে চায়না দুয়ারী জালের দাপট: হুমকিতে পদ্মার মৎস্য সম্পদ
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালের অবাধ ব্যবহারে হুমকির মুখে পড়েছে পদ্মা নদীর দেশীয় মৎস্য সম্পদ। প্রশাসনের ঢিলেঢালা নজরদারির সুযোগে অসাধু চক্র নির্বিচারে পোনা ও মা মাছ নিধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ জেলেরা।
চরভদ্রাসনের বিভিন্ন খাল-বিল ও পদ্মার অববাহিকায় দিন-রাত প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল দিয়ে মৎস্য শিকার চলছে। স্থানীয়দের অভিযোগ, এই জালের ফাঁদ অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় অতি ক্ষুদ্র পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মা মাছও রক্ষা পাচ্ছে না। ফলে ঐতিহ্যবাহী দেশীয় মাছের প্রজাতিগুলো দ্রুত বিলুপ্তির পথে এগোচ্ছে।
অভিযোগ উঠেছে, মাঝে মাঝে প্রশাসন লোকদেখানো অভিযান পরিচালনা করলেও তা ফলপ্রসূ হচ্ছে না। অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় অসাধু জেলেরা সটকে পড়তে সক্ষম হয়। নিয়মিত ও কঠোর তদারকি না থাকায় এই চক্রটি দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি সচেতন মহলের।
এই অবৈধ মৎস্য শিকারের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ও বৈধ জেলেরা। সাধারণ জাল ব্যবহারকারী জেলেরা জানান, চায়না দুয়ারী জালের কারণে নদীতে এখন আর স্বাভাবিক উপায়ে মাছ পাওয়া যাচ্ছে না। এতে অনেক মৎস্যজীবী পরিবার জীবিকা হারিয়ে চরম অর্থকষ্টে দিনাতিপাত করছেন।
স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগী জেলেরা মনে করেন, কেবল মৌসুমি অভিযান দিয়ে এই সংকট দূর করা সম্ভব নয়। এই ধ্বংসাত্মক জালের উৎপাদন, কেনাবেচা এবং ব্যবহারের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। একই সাথে পদ্মা পাড়ের জলজ পরিবেশ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানিয়েছেন তারা।
১৩৭ বার পড়া হয়েছে