ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম দিন আজ
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনে ব্যস্ত কর্মসূচি হাতে নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। পরে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব পালনের প্রথম দিনের কর্মসূচি শুরু হচ্ছে রোববার (২৬ জুলাই) সকাল ১১টায়। এ সময় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।
আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে। তিনি রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন। এ উপলক্ষে সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
১২১ বার পড়া হয়েছে