সাতক্ষীরায় ৭৭ বস্তা জীবিত ঝিনুক উদ্ধার, মালঞ্চ নদীতে অবমুক্ত
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে সংগ্রহ করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক উদ্ধার করেছে বনবিভাগ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জব্দকৃত এই বিপুল পরিমাণ ঝিনুক সুন্দরবনের মালঞ্চ নদীতে পুনরায় অবমুক্ত করা হয়েছে।
শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী এলাকা থেকে এই বিপুল পরিমাণ ঝিনুক উদ্ধার করা হয়। বন আদালতের বিশেষ নির্দেশে শুক্রবার বিকেলে সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী এলাকার মালঞ্চ নদীতে এসব জীবিত ঝিনুক অবমুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ চোরাকারবারিরা এসব ঝিনুক পাচারের উদ্দেশ্যে নদী থেকে সংগ্রহ করে জড়ো করেছিল বলে ধারণা করা হচ্ছে।
ঝিনুক অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ এবং সাতক্ষীরা বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমানসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, আদালতের আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত ঝিনুকগুলো তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুন্দরবনের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বনবিভাগ।
১৫২ বার পড়া হয়েছে