মাগুরায় পুলিশের অভিযানে জুয়া মামলায় গ্রেপ্তার ২
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরার মহম্মদপুরে বিশেষ জুয়া বিরোধী অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলায় জুয়া প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, মাগুরা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মহম্মদপুর থানার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহম্মদপুর উপজেলার কলমধরী গ্রামের মো. ফিরোজ মোল্যা (৩২) এবং জাঙ্গালিয়া গ্রামের মো. আইয়ুব মুসল্লী (৩০)।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রহরায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানায়, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।
১২১ বার পড়া হয়েছে