চাঁপাইনবাবগঞ্জে তেলের সংকটের গুজব, পাম্পে উপচে পড়া ভিড়
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সবার জন্য তেল নিশ্চিত করতে সাময়িকভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি করছেন পাম্প মালিকেরা। তবে জেলা প্রশাসন আশ্বস্ত করেছে যে, জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। ভিড় সামলাতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পাম্প কর্তৃপক্ষ প্রতিটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার তেল বিক্রির সাময়িক নিয়ম চালু করেছে। পাম্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, হঠাৎ করে অতিরিক্ত চাহিদার কারণে এই ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।
স্থানীয় পাম্প মালিকদের একাংশ জানান, গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তেলের ঘাটতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এর ফলে সাধারণ মানুষ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল সংগ্রহের জন্য পাম্পগুলোতে ভিড় করছেন। তেলের স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও আকস্মিক এই ভীড়ের কারণে সাময়িকভাবে এই রেশনিং ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সবাই তেল পান।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন নিশ্চিত করেছে যে, চাঁপাইনবাবগঞ্জে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুত রয়েছে এবং নিয়মিতভাবে তেলের চালান জেলায় এসে পৌঁছাচ্ছে। তাই সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন আরও সতর্ক করে জানিয়েছে, কেউ যদি এই সুযোগে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, অতিরিক্ত মজুত করে কিংবা সাধারণ গ্রাহকদের হয়রানি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী তেল কেনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
১২১ বার পড়া হয়েছে