২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগ বাড়াতে কর ও ভ্যাট ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির সামনে যেমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে বড় ধরনের সম্ভাবনাও। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপদ, দীর্ঘমেয়াদি ও টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও কার্যকর পরিবেশ তৈরি করতে কর ও ভ্যাট ব্যবস্থার সরলীকরণ, বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, সরকার স্বল্পমেয়াদি বিনিয়োগের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে। দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে সরকারি সেবার ডিজিটালাইজেশন, কর ব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে একটি শক্তিশালী ও বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের অন্যতম লক্ষ্য।
১০৬ বার পড়া হয়েছে