চারঘাটে আরবি পড়ে বাড়ি ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার শ্রীখণ্ডী গ্রামের ওই তরুণী স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই এলাকার লিমন ইসলাম নামের এক তরুণ তাকে ফুঁসলিয়ে ও ভয় দেখিয়ে পাশের একটি আমবাগানে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন আরও দুই সহযোগী।
পরবর্তীতে অভিযুক্ত তিন তরুণ মিলে ওই ভুক্তভোগী কিশোরীকে নিকটস্থ একটি নির্জন পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালান। অভিযুক্তরা হলেন— উপজেলার শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) এবং অপ্রাপ্তবয়স্ক শিবা রহমান (১৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর কিছুদিন আগেই বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামী রাজধানী ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় তিনি বর্তমানে নিজ মায়ের সাথেই বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার পর বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিস্তারিত জানালে বুধবার দুপুরে চারঘাট থানায় একটি এজাহার দায়ের করা হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাদের দ্রুত গ্রেফতারে জোরদার পুলিশি অভিযান চলছে।
১২৮ বার পড়া হয়েছে