বাগমারায় ডিস ব্যবসায় হামলা ও চাঁদা দাবি: ১১ জনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলায় ডিস ব্যবসা নিয়ে বিরোধের জেরে এক যুবদল নেতার ওপর হামলা, চাঁদা দাবি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবদল নেতা আসাদুল ইসলাম বাদী হয়ে ছাত্রদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই রাতে উপজেলার গোয়ালকান্দি বাজারে আসাদুল ইসলামের ডিস ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানটি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেয় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে আসাদুল ইসলামকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে গুরুতর আহত করা হয়।
হামলার সময় হামলাকারীরা কেবল টিভির কন্ট্রোল রুমে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় সাড়ে চার লাখ টাকার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৬৫ হাজার ২৫০ টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
আহত যুবদল নেতা আসাদুল ইসলামকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিনি বাগমারা থানায় এই মামলা করেন। মামলার আসামিদের মধ্যে ছাত্রদল নেতা পারভেজ রানা ছাড়াও রয়েছেন আমিন, মোশাররফ হোসেন, আল সাদিক, ফাহিমা খাতুনসহ আরও কয়েকজন।
মামলার ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
১২৬ বার পড়া হয়েছে