মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের চাচাতো দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বৃষ্টির সময় খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তারা প্রাণ হারায়।
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের চাচাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো গ্রামের বাসিন্দা আলী নূরের দুই বছর বয়সী কন্যা রাইসা এবং তাঁর ভাই আমিনুরের তিন বছর বয়সী কন্যা রাবিয়া।
পরিবারের সদস্যদের ভাষ্য, সকালে বৃষ্টির মধ্যে দুই শিশু সবার অগোচরে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুদের খুঁজতে শুরু করলে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন।
পরে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিবুল হাসান তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার পাশাপাশি বাড়ির আশপাশের জলাশয় নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
১৩৩ বার পড়া হয়েছে