মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে নিশ্চিত তথ্য নেই : উপদেষ্টা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১০:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে তাঁর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে মন্ত্রী বা উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের সাম্প্রতিক কার্যক্রম, প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, গুমের অভিযোগ, ক্ষতিপূরণসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি জানান, গণমাধ্যমে যেসব আলোচনা হচ্ছে, তিনিও সেগুলোই দেখছেন। এর বাইরে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই।
তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর গঠিত মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করেন। যদি কখনো মনে হয়, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। সে কারণে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী তা গ্রহণ করবেন। তবে মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন ঠিক কবে হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। প্রচলিত রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করেন।
ব্রিফিংয়ে সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধ নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, এ-সংক্রান্ত আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
১৪০ বার পড়া হয়েছে