ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সংঘটিত এই সড়ক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের কাছে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন— ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদারা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা (২৫) এবং সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া গ্রামের রফিকুলের স্ত্রী আবেদা (৩৫)। নিহত অপর জনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৫৯ বার পড়া হয়েছে