স্থানীয় নির্বাচন আইন বদলের প্রস্তাব চূড়ান্ত করার বৈঠকে ইসি
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির ১২তম কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি সূত্র জানায়, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন—সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনার বিষয়ে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব সভায় চূড়ান্ত করা হতে পারে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার সংশোধনী নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচনের আইন ও আচরণ বিধিমালা সংশোধনের বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হবে। কমিশন প্রয়োজন অনুযায়ী বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেবে।
স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনের জন্য ইসি যেসব সুপারিশ বিবেচনা করছে, তার মধ্যে রয়েছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সেনাবাহিনী যুক্ত করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া দ্বৈত নাগরিকদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের অযোগ্য ঘোষণা, ঋণখেলাপি ও বিলখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার ও পরিচালকদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে।
নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং আচরণ বিধিমালা লঙ্ঘনের শাস্তি বাড়ানোর প্রস্তাবও রয়েছে ইসির সুপারিশে।
ইসি কর্মকর্তারা জানান, কমিশনের সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট আইন সংশোধনের সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। আইন পরিবর্তনের ক্ষেত্রে তা মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে পাস হতে হবে। সংসদ অধিবেশন না থাকলে সরকার অধ্যাদেশ জারি করতে পারে। পরে সংসদের অনুমোদনের মাধ্যমে সেটিকে আইনে পরিণত করতে হবে।
এদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে করার সিদ্ধান্তের কারণে নির্বাচনী আচরণ বিধিমালায়ও পরিবর্তন আনা হচ্ছে। নতুন বিধিমালায় প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা, বিলবোর্ড ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচারণার মতো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
ইসি সূত্র আরও জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা নিয়ে এই সভায় আলোচনা হতে পারে। তবে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনের আচরণ বিধিমালা সংশোধনের জন্য পরবর্তী সময়ে আলাদা সভার প্রয়োজন হতে পারে।
১৪৫ বার পড়া হয়েছে