ভোলাহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেফতার
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাঠ কর্মীর বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুকে উদ্ধারের পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর কলোনী এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক মোঃ রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা এলাকার মোঃ দেলোয়ার তালুকদারের ছেলে। সে এলাকায় 'রিক' নামের একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায় মাঠ কর্মী হিসেবে কর্মরত রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় অভিযুক্ত রাকিবুল রাধানগর কলোনী এলাকায় সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে যান। সে সময় স্থানীয় এক ব্যক্তির ছয় বছর বয়সী কন্যাসন্তান ঘরে সম্পূর্ণ একা ছিল। এই সুযোগে অভিযুক্ত যুবক ঘরে প্রবেশ করে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায়।
পরবর্তীতে শিশুটির কান্না ও চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ধৃত আসামির বিরুদ্ধে জঘন্য এই অপরাধের প্রেক্ষিতে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই আইনগত পদক্ষেপ গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।
১৪৬ বার পড়া হয়েছে