চাঁপাইনবাবগঞ্জে ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এমপির সংবর্ধনা
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. নূরুল ইসলাম বুলবুল। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এই ধরনের সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের মেধার বিকাশে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমপি বুলবুল তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন এবং মেধাবীদের মূল্যায়নে সমাজের বিত্তবান শ্রেণী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ মানুষ হিসেবে বেড়ে ওঠার পরামর্শ দেন।
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লতিফা হক। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।
সংবর্ধনা ও সম্মাননা স্মারক হাতে পেয়ে কৃতি শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। আগামী দিনে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তারা।
১২৮ বার পড়া হয়েছে