বন্যা-পরবর্তী পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : দীপেন দেওয়ান
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির কাউখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে এবং কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান এসব কথা বলেন। তিনি জানান, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পার্বত্য জেলা রাঙামাটির প্রাকৃতিক দুর্যোগের তীব্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে ৩৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও আর্থিক অনুদান প্রদান করা হবে। এবারের দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি সঠিক ও স্বচ্ছ তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
দীপেন দেওয়ান দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, বিজিবি, আনসার এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে তিনি কাউখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দিকনির্দেশনা দেন।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ত্রাণ বিতরণ সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
১৩৫ বার পড়া হয়েছে