পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ে আন্দোলনরত সংগঠন 'পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ' (পিসিএনপি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির নতুন কেন্দ্রীয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ রানা এবং মহাসচিব হয়েছেন মোহাম্মদ সোলায়মান। ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার ঢাকার শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল হামিদ রানা পূর্বে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি এবং নতুন মহাসচিব মোহাম্মদ সোলায়মান রাঙামাটি জেলা সভাপতির দায়িত্বে ছিলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাহাড়ে কৃত্রিম অস্থিরতা তৈরি করে স্বার্থান্বেষী মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলে তারা দাবি করেন। বিশেষ করে পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকে অধিকারবঞ্চিত করে তাদের অস্তিত্ব সংকটে ফেলা হচ্ছে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের সব ধরনের বৈষম্য ও ষড়যন্ত্র রুখে দিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। নির্বাচন পরিচালনাকারী ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া জানান, আগামী এক মাসের মধ্যে এই নতুন কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
উক্ত জরুরি সভায় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, অধ্যক্ষ আবু তাহের এবং বিদায়ী সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
১১৮ বার পড়া হয়েছে