টংগিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন খেলার মাঠের উদ্বোধন
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে উদ্বোধন করা হয়েছে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ। শনিবার (১৮ জুলাই) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই মাঠের শুভ উদ্বোধন করা হয়।
কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে এতে যোগ দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ ও যুবসমাজকে মাদক, সন্ত্রাস এবং নানা সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠের এই নতুন পরিবেশ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে প্রতিটি এলাকায় এমন খেলার মাঠ থাকা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন তারা।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভা শেষে অতিথিরা নতুন মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন।
১১৬ বার পড়া হয়েছে