স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের পরিকল্পনা ইসির, আসছে আইন সংশোধন
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী মোতায়েনের সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালায় সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
স্থানীয় সরকার নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আইন ও বিধিমালায় সংশোধনী আনা হলে প্রয়োজন অনুযায়ী জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মাঠে মোতায়েন করতে পারবে ইসি।
ইসি সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হবে। এরপর তা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সরকারের অনুমোদন পাওয়া গেলে সংশোধনীগুলো কার্যকর হবে।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও নির্দলীয় করতে বেশ কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করেছে ইসি। এর মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিল, প্রার্থীদের জামানতের অর্থ বাড়ানো এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নতুন বিধান।
প্রস্তাব অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
জামানতের অর্থ বাড়ানোর প্রস্তাবে বলা হয়েছে, পৌরসভা মেয়র প্রার্থীর জামানত এক লাখ টাকা এবং সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর জামানত দেড় লাখ টাকা করা হতে পারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাবও রয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগস্টে তপশিল ঘোষণা করে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি রয়েছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সময়ে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়াও প্রস্তুত করেছে ইসি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের জন্য পৃথক আচরণবিধির খসড়া তৈরি করা হয়েছে।
গত জুনে এসব খসড়া নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনের মতামত চেয়েছিল ইসি। তবে অধিকাংশ রাজনৈতিক দল এতে সাড়া দেয়নি। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশির ভাগ দল কোনো মতামত দেয়নি বলে ইসি সূত্র জানিয়েছে। সীমিতসংখ্যক ব্যক্তি ও কয়েকটি সংগঠনের কাছ থেকে মতামত পাওয়া গেছে।
ইসি জানিয়েছে, আচরণবিধি চূড়ান্ত করার আগে নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা নেই। কমিশনের নিজস্ব এখতিয়ার অনুযায়ী অনুমোদনের পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
১২২ বার পড়া হয়েছে