সাতক্ষীরায় বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল: ভাঙন আতঙ্কে হাজারো মানুষ
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
নওয়াপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেতনা নদীতে অপরিকল্পিতভাবে খননকাজ চালানোর কারণেই এই ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। নদী খননের সময় ভরাট হওয়া স্থানগুলো পুরোপুরি খনন না করে কেবল আংশিক কাজ করা হয়েছে। পরবর্তীতে বর্ষা মৌসুম শুরু হলে খননকাজের সুবিধার্থে নদীতে তৈরি করা মাটির অস্থায়ী বাঁধটি কোনো নিয়ম না মেনেই নওয়াপাড়া অংশে অপসারণ করা হয়। এর ফলে এই পাড়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়ে গভীর গর্ত তৈরি হয় এবং ভাঙন তীব্র আকার ধারণ করে।
বর্তমানে নওয়াপাড়া অংশের প্রায় ২০০ থেকে ৩০০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া আরও প্রায় ১০০ হাত এলাকার মূল বাঁধে বিশাল ফাটল দেখা দিয়েছে, যা ক্রমান্বয়ে ধসে পড়ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সময়ের মধ্যে কার্যকর সংস্কার করা না গেলে বাঁধ ভেঙে বুধহাটা, ফিংড়ী, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের শত শত গ্রাম প্লাবিত হবে। এতে হাজার হাজার বিঘা ফসলি জমি ও অসংখ্য মৎস্য ঘের ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বেড়িবাঁধের চরম ঝুঁকিপূর্ণ অবস্থা সচক্ষে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল আলিম। পরিদর্শনকালে তাদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাঁধটি রক্ষায় এবং সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা স্থানীয়দের আশ্বস্ত করেছেন।
১৬০ বার পড়া হয়েছে