মাগুরায় হামলার ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু, ১০ নিরীহ প্রতিবেশীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিবেশীদের হামলায় আহত আমিরুল মোল্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাদ দিয়ে সম্পূর্ণ নিরপরাধ ১০টি প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা নিরীহ মানুষের ঘরবাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গবাদিপশু লুট করে নিয়ে গেছে।
শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়াশতডাঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আমিরুল মোল্যার সঙ্গে প্রতিবেশী আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল ও ফরিদ বিশ্বাসের বিরোধ চলছিল। এর জেরে গত ১৪ জুলাই রাতে প্রতিপক্ষরা আমিরুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়িতে কোনো আঘাত না করে, ঘটনার সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন নিরীহ সালামত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, আবুল বিশ্বাস ও হাসান বিশ্বাসের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করাসহ মূল্যবান মালামাল ও গবাদিপশু লুট করে নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে