জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গৌরব বয়ে এনেছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আইমান কানিতা। গত বুধবার রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মানজনক পদক তুলে দেওয়া হয়। অনন্য এই কৃতিত্বে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা অঙ্গনে আনন্দের বন্যা বইছে।
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইমান কানিতা চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডা. কামাল উদ্দিনের কন্যা। গত ১৫ জুলাই রাজধানী ঢাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কৃতী শিক্ষার্থীর হাতে সম্মানজনক পদকটি তুলে দেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন।
আইমান কানিতার এই গৌরবময় অর্জনে তার নিজ বিদ্যালয় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে খুশির আমেজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আইমানের এই অর্জন সমগ্র বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের এবং অনুপ্রেরণাদায়ক। তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে দারুণভাবে উৎসাহিত করবে।
জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করল এই ক্ষুদে শিক্ষার্থী। স্থানীয় সুধীজন ও সর্বস্তরের মানুষ আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
১৪০ বার পড়া হয়েছে