কুয়াকাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর রাঙ্গাবালী সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝি রুবেল হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহত রুবেল হাওলাদার (২৮) রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজেই একটি মাছ ধরা ট্রলারের মালিক ও মাঝি ছিলেন। বুধবার দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করলে স্বজনরা তাঁর পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা এগারোটার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় ট্রলার নিয়ে মাছ ধরছিলেন রুবেলসহ কয়েকজন জেলে। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারের ওপর থাকা রুবেল নদীতে পড়ে নিখোঁজ হন। বজ্রপাতের ঘটনায় ওই ট্রলারে থাকা অপর তিন জেলেও গুরুতর আহত হয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য জেলেরা আহতদের উদ্ধার করতে পারলেও রুবেলকে খুঁজে পাওয়া যায়নি।
অবশেষে নিখোঁজ হওয়ার দীর্ঘ দুই দিন পর আজ তাঁর নিথর দেহ উদ্ধার করা হলো। এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
১৩০ বার পড়া হয়েছে