গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
১৬ জুলাইকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল শুরু হয়েছে। বিগত বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বিগত ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হন। সেই ঘটনার বার্ষিকীকে কেন্দ্র করে এ বছর পুনরায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দেওয়া শুরু করেছেন। বিজিবির পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশ বাহিনীর সদস্যদেরও যৌথভাবে টহল দিতে দেখা গেছে।
শহরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং প্রধান সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে চেকপোস্ট বসানো হয়েছে। যেকোনো সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া, সাধারণ পোশাকেও গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিবিড় নজরদারি রাখছেন বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে