আদমজী ইপিজেডের আগুন ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত অনন্ত অ্যাপারেলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে কারখানার গুদামে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দেশের অন্যতম প্রধান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলস কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার গুদামে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
১৫০ বার পড়া হয়েছে