কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আটক করা আনুমানিক ১ হাজার পিস ক্ষতিকারক এই জাল পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার শেষ বিকালে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাব এলাকায় এই বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে উপস্থিত কলাপাড়া উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন জানান, চায়না দুয়ারী জালের ব্যবহারের কারণে দেশের নদী-নালা ও জলাশয়ের দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবাধে পোনা ও ডিমওয়ালা মাছ নিধনের ফলে ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য, যার কারণে সরকার এই ক্ষতিকারক জালের উৎপাদন, কেনাবেচা এবং ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত ১ হাজার পিস চায়না দুয়ারী জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। এ সময় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী'-র সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করেন। ভবিষ্যতে মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
১৩২ বার পড়া হয়েছে