চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তিতে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামের এক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভাড়া বাসার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লাল চাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। গত শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ‘কলস’ প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপ্নার ব্যক্তিগত জীবন ছিল নানা টানাপোড়েনে ভরা। তিনি মোট তিনটি বিয়ে করেছিলেন। তাঁর প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। পরবর্তীতে বিভিন্ন কারণে আগের দুটি সংসার ভেঙে যাওয়ার পর সর্বশেষ কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে।
ভবনের মালিক মেহেদী হাসান জানান, মাত্র চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নিজেকে স্বামী পরিচয় দিয়ে ওই নারীর জন্য দুই কক্ষের বাসাটি ভাড়া নেন। সোমবার সকালে স্বপ্নার শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে তাঁরা ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও সংগৃহীত আলামত বিশ্লেষণ করে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
১১৫ বার পড়া হয়েছে