সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে অত্যন্ত আকর্ষণীয় ও বিরল প্রজাতির সামুদ্রিক ‘লাইন্ড সার্জনফিশ’। নীল, হলুদ ও কালো রঙের চমৎকার ডোরাকাটা এই মাছটি স্থানীয়দের কাছে ‘সুন্দরী মাছ’ হিসেবে পরিচিতি পেয়েছে। আলিপুরের একটি মৎস্য আড়তে এটি নিয়ে আসার পর কৌতূহলী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
লাইন্ড সার্জনফিশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে রবিবার সকালে এই আকর্ষণীয় মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। আগের দিন রাতে গভীর সমুদ্রে ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরা ট্রলারের জালে প্রায় ৫০০ গ্রাম ওজনের এই রঙিন মাছটি ধরা পড়ে। ট্রলারের মাঝি মোহাম্মদ সেলিম জানান, সাগরে জাল ফেলার পর অন্যান্য সাধারণ মাছের সঙ্গে এটি উঠে আসে। রূপালী ও সোনালী রঙের বাহারি এই মাছটিকে ভিন্ন রকম মনে হওয়ায় তিনি যত্ন সহকারে তীরে নিয়ে আসেন।

আলীপুরের মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান জানান, উপকূলীয় অঞ্চলে এই ধরনের সামুদ্রিক মাছ সচরাচর চোখে পড়ে না। বাজারে এর কোনো বাণিজ্যিক চাহিদা না থাকলেও শুধু সৌন্দর্য ও অনন্য রূপের কারণে মাছটি আড়তে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই অদ্ভুত সুন্দর সামুদ্রিক প্রাণীকে একনজর দেখতে আড়তে ভিড় জমিয়েছেন স্থানীয় বহু মৎস্যজীবী ও কৌতূহলী মানুষ।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই মাছটির বৈজ্ঞানিক নাম ‘অ্যাকানথুরাস লিনিয়েটাস’ (Acanthurus lineatus)। আন্তর্জাতিক অঙ্গনে এটি ‘ব্লু-ব্যান্ডেড সার্জনফিশ’ বা ‘জেব্রা সার্জনফিশ’ নামে সুপরিচিত। প্রধানত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উষ্ণ সামুদ্রিক এলাকার প্রবাল প্রাচীরে এদের বিচরণ বেশি দেখা যায়। সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকা এই মাছগুলো সাগরের জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থান সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানিয়েছেন, লাইন্ড সার্জনফিশের লেজের গোড়ার দিকে একটি অতি ধারালো কাঁটা থাকে। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে তারা এটি ব্যবহার করে, যা মানুষের শরীরে মারাত্মক যন্ত্রণাদায়ক জখম তৈরি করতে পারে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বঙ্গোপসাগরের উষ্ণ আবহাওয়ায় এদের বিচরণের কথা নিশ্চিত করে জেলেদের এটি ধরার সময় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন